ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে চীন তেহরানকে কোনো অস্ত্র দিচ্ছে না বলে ট্রাম্পকে নিশ্চিত করেছেন শি জিনপিং।
বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য জানান।
মঙ্গলবার রেকর্ড করা ওই সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য নির্দিষ্ট করে জানাননি, ঠিক কবে এই চিঠিগুলো বিনিময় হয়েছে। তবে গত সপ্তাহেই তিনি একটি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনো দেশ যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে সেই দেশের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাকে (শি জিনপিং) একটি চিঠি লিখে অনুরোধ করেছি যেন তারা এটা (অস্ত্র সরবরাহ) না করে। জবাবে তিনিও আমাকে চিঠি লিখে জানিয়েছেন যে, মূলত তারা তা করছেন না।’
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং ভেনেজুয়েলার পরিস্থিতি বিশ্ব তেলের বাজারে প্রভাব ফেললেও, আগামী মাসে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের নির্ধারিত বৈঠকে এর কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে চীনের তেলের চাহিদার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তার (শি জিনপিং) তেলের প্রয়োজন আছে, কিন্তু আমাদের নেই।