Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ২১:৩৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০০:৩০

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ইসলামি ঐতিহ্য ও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, বুধবার ছিল ২৯ রমজান। নিয়ম অনুযায়ী এদিন সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদের সন্ধানে পর্যবেক্ষক দল ও মানমন্দিরগুলো নিয়োজিত ছিল। তবে দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় কমিটি ঘোষণা করেছে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে রমজান মাসের ৩০তম দিন। অর্থাৎ, এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হবে।

এর আগেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি এবং অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দিয়েছিল। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, বুধবার রাত থেকেই কর্মীদের এই ছুটি কার্যকর হবে এবং টানা চার দিন বহাল থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ছুটির এই আগাম ঘোষণার মূল লক্ষ্য ছিল নিয়োগকর্তা ও কর্মীদের কাজের সময়সূচি সুশৃঙ্খলভাবে সাজানোর সুযোগ দেওয়া এবং উৎসবের দিনগুলোতে কর্মীদের অধিকার নিশ্চিত করা।

সৌদি আরবে শুক্রবার ঈদ হওয়ার ঘোষণার ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির ওপর।