ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন করে দুই হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এই ২২০০ মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থানরত তিনটি যুদ্ধজাহাজে মোতায়েন করার কথা ভাবছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আল-জাজিরাকে নিশ্চিত করেছেন, জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের বেছে নেওয়া হবে। সেখান থেকে তাদের দ্রুততম সময়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানো হতে পারে।
গত দুই সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং জ্বালানি স্থাপনায় হামলার ঘটনায় অঞ্চলটিতে বড় ধরনের স্থল অভিযানের বা নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।