ইরানের একটি ব্যাংকে হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর পালটা হামলার তীব্র হুমকি দিয়েছে তেহরান।
বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
ইরানের ‘খাতাম আল-আনবিয়া’ যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি এক বিবৃতিতে জানান, সম্প্রতি ইরানি একটি ব্যাংকে ইসরায়েল ও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
এই পদক্ষেপকে ‘অবৈধ ও নজিরবিহীন’ আখ্যা দিয়ে তিনি বলেন, শত্রুরা ইরানকে তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানতে বাধ্য করছে।
ইব্রাহিম জুলফিকারি স্পষ্টভাবে বলেন, ‘ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল আমাদের ব্যাংকে যে আঘাত হেনেছে, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
হামলার আশঙ্কায় ইরানি এই মুখপাত্র মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, সম্ভাব্য প্রাণহানি এড়াতে সাধারণ মানুষের উচিত এই সব স্থাপনা থেকে অন্তত ১ হাজার মিটার দূরত্ব বজায় রাখা।
সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যের বড় বড় বাণিজ্যিক শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।