ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পালটা হামলা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলো।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালি। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করেছেন বিশ্লেষকেরা।
ইরানের সশস্ত্র বাহিনী যখন মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে, তখন এটি ঘটল।
একটি ওয়াকিবহাল সূত্র এর আগে তাসনিম নিউজকে জানিয়েছিল, ইরানের হামলায় এখন পর্যন্ত ১৪টি আমেরিকান ঘাঁটিতে আঘাত হেনেছে।
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আরও ঘোষণা করেছে যে আইআরজিসি নৌবাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন এমএসটি যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে বলা হয়েছে যে চলমান হামলায় অন্যান্য মার্কিন নৌ সম্পদ আইআরজিসি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যে থাকবে।