Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুলে বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫

আফগানিস্তানের নানগড়হার এলাকায় রাস্তায় সামরিক যান। ২৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

শুক্রবার ভোরে খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।’

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

কাবুলে আল–জাজিরার সংবাদদাতা নাসের শাদিদ জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী। পরে আবারও বোমা ফেলা হয়। তবে প্রাথমিকভাবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানি হামলায় আহত একজন আফগান নারী। ছবি: এএফপি

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স এ একটি পোস্টে লিখেছেন, আফগানিস্তান ‘ডুরান্ড লাইনে’ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বড় আকারের আক্রমণাত্মক অভিযান’ চালাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ।

জবাবে ঐদিন রাতে কাবুল–কান্দাহারে হামলা চালায় পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।

পরে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে পাল্টা হামলা চালানোর দাবি করেন। তিনি লিখেছিলেন, আফগান তালেবান সদস্যরা কান্দাহার ও হেলমান্দে পাকিস্তানি বাহিনীর অবস্থানের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছেন।

তবে সেই পোস্টটি এখন মুছে ফেলা হয়েছে।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আগের সংঘর্ষগুলোর মতো এবারও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আগে হামলা চালানোর অভিযোগ করেছে। একই সঙ্গে দুই দেশই দাবি করছে, তাদের পাল্টা হামলায় প্রতিপক্ষের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

কাবুলে একটি চেকপয়েন্টে তালেবান নিরাপত্তা বাহিনী গাড়ি তল্লাশি করছে। ছবি: আল জাজিরা

আজ শুক্রবার পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগানিস্তান কোনো ধরনের উসকানি ছাড়াই দেশটিতে হামলা চালিয়েছে। এর জবাবে তারা কাবুল ও কান্দাহারসহ একাধিক শহরে পালটা হামলা চালিয়েছে।

এদিকে আফগান তালেবান বলেছে, সপ্তাহের শুরুতে পাকিস্তানের চালানো হামলার প্রতিক্রিয়ায় তারা গতকাল ‘বড় পরিসরে’ সামরিক অভিযান শুরু করেছে। তাদের দাবি, সপ্তাহের শুরুতে ওই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন। তবে ইসলামাবাদ বলেছে, তারা শুধু কথিত সন্ত্রাসী শিবির ও আস্তানাই লক্ষ্যবস্তু করেছে।

তালেবানের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি বলেছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এই ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু হয়।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, এ অভিযানে ‘অনেক’ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এ দাবি সরাসরি অস্বীকার করেছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস এবং ৯টি দখল করা হয়েছে।

তিনি আরও জানান, এই অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং অস্ত্রধারী সৈন্যবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর