Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু করছে আম্বার আইটি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:৪৩

ঢাকা: ‎দেশজুড়ে ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার পাশাপাশি এবার সারাদেশে আম্বার আইটির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জোনে আম্বার আইটির ইন্টারনেট ব্যবহারকারীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

‎সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের পাঁচটি স্থানে ওয়াই-ফাই জোন চালুর মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে আম্বার আইটি। চলতি বছরের মধ্যে দেশজুড়ে ৫০০টি ওয়াই-ফাই জোন চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থান সহ বিভিন্ন বিশেষায়িত এলাকায় এসব ওয়াই-ফাই জোন স্থাপন করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করেই এসব পয়েন্ট পরিচালনা করা হবে। সাধারণত ফার্মেসি, চায়ের দোকান, মুদি দোকান সহ স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়াই-ফাই পয়েন্টগুলো গড়ে তোলা হবে।

‎আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, সারাদেশে সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। ওয়াই-ফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

‎আম্বার আইটির বিদ্যমান গ্রাহকেরা যে মোবাইল নম্বর দিয়ে প্রতিষ্ঠানে নিবন্ধন করেছেন, সেই নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়াই-ফাই জোনে সংযোগ নিয়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যারা আম্বার আইটির গ্রাহক নন, তারাও কুপন কার্ড ক্রয়ের মাধ্যমে সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন। এসব ওয়াই-ফাই পয়েন্টে বিভিন্ন মেয়াদের কুপন কার্ড পাওয়া যাবে।

‎এর মধ্যে রয়েছে ৫ ঘণ্টার জন্য ৮ টাকা, ১ দিনের জন্য ১২ টাকা, ৭ দিনের জন্য ৬৬ টাকা এবং ৩০ দিনের জন্য ২০০ টাকার প্যাকেজ। কুপন কার্ডে দেওয়া কোড ব্যবহার করে গ্রাহকেরা সহজেই ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন।

‎ইতোমধ্যে বরিশালের বিবির পুকুর পাড়, ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গলের রেলস্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড এবং নীলফামারী জেলার ইপিজেড মোড়ে এসব ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। চলতি মাসের মধ্যে বিশেষ করে ঈদের আগে দেশের আরও অন্তত ১৫টি স্থানে নতুন ওয়াই-ফাই জোন চালু করা হবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর