Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস-বাংলালিংকের চুক্তি

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:২৩

‎ঢাকা: ‎৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের প্রথম পেশাদার নারী পেইন্টারদের পাশে দাঁড়াতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। নারীদের আর্থিক ক্ষমতায়নে ভূমিকা রাখা এসব নারী পেশাজীবীর জন্য একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ সহায়ক ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল সংযোগ, আর্থিক সুবিধা ও স্বাস্থ্যসেবা।

‎রোববার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বার্জার পেইন্টসের ‘এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস’-এ নারী পেইন্টারদের অন্তর্ভুক্তির উদ্যোগকেও এটি সহায়তা করবে। দীর্ঘদিন ধরে পুরুষপ্রাধান্য থাকা এই পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোই এর লক্ষ্য। এই অংশীদারিত্বের মাধ্যমে নারীদের জন্য তুলনামূলকভাবে অপ্রচলিত এ পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে চায় বাংলালিংক ও বার্জার পেইন্টস।

‎পাশাপাশি, ডিজিটাল সুবিধা প্রাপ্তির সুযোগ, আর্থিক অন্তর্ভুক্তি ও করপোরেট সহযোগিতা কীভাবে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারে, সেই বিষয়টিও এই উদ্যোগের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বার্জার পেইন্টস তাদের বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে নারী পেইন্টারদের কারিগরি প্রশিক্ষণ দিয়েছে। নারী পেইন্টারদের জন্য ডিজিটাল সংযোগ, বাড়তি আয়ের সুযোগ ও স্বাস্থ্যসেবার সুবিধা দিচ্ছে বাংলালিংক। এতে তারা স্বনির্ভর পেশাজীবী হিসেবে গড়ে উঠতে পারবেন এবং নিজেদের পেশায় এগিয়ে যেতে পারবেন।

‎এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি অংশগ্রহণকারী একটি করে বাংলালিংক সিম পাবেন। এটি তারা তাদের ব্যবসায়িক যোগাযোগ নম্বর হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে বার্জার এক্সপেরিয়েন্স জোন আউটলেটের মাধ্যমে সেবা নিতে আগ্রহী গ্রাহকেরা সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। থাকছে ইএমআই সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগ। এ ক্ষেত্রে প্রাথমিক ডাউন পেমেন্ট দেবে বাংলালিংক।

‎এ উদ্যোগে রয়েছে বাড়তি আয়ের সুযোগ। অংশগ্রহণকারীদের ‘বিএল পাওয়ার’ অ্যাপে এজেন্ট হিসেবে যুক্ত করা হবে। এর মাধ্যমে তারা মোবাইল রিচার্জ সেবা প্রদানের মাধ্যমে কমিশনবাবদ আয় করতে পারবেন। স্বাস্থ্য সুরক্ষায় ক্লিনিকলের সহযোগিতায় তারা ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে এক বছরের জন্য আনলিমিটেড ডাক্তার পরামর্শ সেবা পাবেন। সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা থাকবে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা যাবে। পাশাপাশি জীবনবিমা সুবিধাও দেওয়া হবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো