ঢাকা: তরুণদের মানবিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার প্রত্যয়ে রেড হোপ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক দিকনির্দেশনা, সামাজিক উদ্যোগ এবং ‘লাল নদী’ ব্লাড ডোনেশন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) রাজধানীর পূর্বাচল, সেক্টর-১৬ এ অবস্থিত গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, শিক্ষা ও তরুণ নেতৃত্বভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইয়ুথ অ্যাসেমব্লি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মাহিদুল ইসলাম জিহাদ, নিকুঞ্জ সমাজকল্যাণ ঐক্যের সিনিয়র মেম্বার জিয়াউর রহমান, গ্লোবাল ইয়ুথ অ্যাসেমব্লি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, মোমেলা বেগম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মো. সেলিম খান এবং ডুমনি হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মো. নূর ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলিফ হাসান হৃদয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের পরিচিতি পর্ব ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘লাল নদী’ ব্লাড ডোনেশন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন। আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর এ প্ল্যাটফর্মের মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ স্থাপন সহজ হবে। একই সঙ্গে জরুরি মুহূর্তে নিরাপদ রক্ত সংগ্রহ প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সদস্যদের মাঝে কৃতিত্বের সনদ বিতরণ করা হয় এবং প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, রেড হোপ ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজসেবা, রক্তদান, তরুণ উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাবে।