ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশু মারা গেছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫১৭ শিশু। রোববার (১৭ মে) বিকেল স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে নিশ্চিত হাম-এ এক এবং সন্দেহজনক হামে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৫১৭ শিশুর মধ্যে নিশ্চত হামে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৭৪ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ এবং নিশ্চিত শনাক্ত হামে আক্রান্ত ৭ হাজার ৭৬৭ শিশু। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৭ হাজার ৭৬৬ রোগী।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৫৯ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৮৪ জন এবং নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।