ঢাকা: সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয়। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’।
দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) রাজধানীসহ দেশজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার (১২ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিশেষ র্যালি বের হওয়ার কথা রয়েছে।
নার্স দিবস উপলক্ষ্যে আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের নার্সিং খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) দিবসটি পালন করে আসছে। শুরুর দিকে কেবল ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে দেশের প্রতিটি সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিশেষায়িত ইনস্টিটিউশনগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে নার্সদের পেশাগত মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর এ বছর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।