Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ২ ক্লিনিক সিলগালা, মালিকদের কারাদণ্ড ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২১:৪১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২১:৫৩

অভিযান চলাকালীন মুহূর্ত।

পাবনা: পাবনা শহরের দুইটি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দুইটি ক্লিনিককে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিক দুইটির মালিককে কারাদণ্ড ও জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের গোলাপবাগে মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউন পাড়ায় সালেহা ক্লিনিকে এ অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল আলিম ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, চিকিৎসা সেবার মান খারাপ, কোনো ডাক্তার-নার্স না থাকা, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ক্লিনিক দুইটি সিলগানা করেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুল রহমান শফিকে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসাবে ডা. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এনএসআই-এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে ও উপপরিচালক এ. বি. এম. লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।