Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত সন্তানকে নিয়ে ছোটাছুটি
কোভিড হাসপাতালে ফ্রিজার ভ্যান দিল ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২২:৪৫

ঢাকা: মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষারত এক বাবার অসহায়ত্বের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হওয়ায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ফ্রিজার ভ্যান সুবিধা প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষারত এক বাবার অসহায়ত্বের একটি ছবি প্রকাশিত হয়েছে, যা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নজরে আসার পর মানবিক বিবেচনায় তাৎক্ষণিক একটি ফ্রিজার ভ্যান হাসপাতালে ব্যবহারের জন্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির একটি ফ্রিজার ভ্যান (ড্রাইভারসহ) ইতোমধ্যে ওই হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, যাতে প্রয়োজনে মৃতদেহ পরিবহণের ক্ষেত্রে দ্রুত সেবা দেওয়া যায়। এ ছাড়াও, প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ডিএনসিসি এর স্থাপনায় অবস্থিত হলেও হাসপাতালটির কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক পরিচালিত হয়ে থাকে এবং হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় ডিএনসিসি’র কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।

ডিএনসিসি নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সর্বদা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বলা হয়েছে।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই