Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ‘ভুল অস্ত্রোপচার’ বিতর্কে প্রভাতী হাসপাতালে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২০:১৬

প্রভাতী প্রাইভেট হাসপাতাল, ফরিদপুর।

ফরিদপুর: ফরিদপুরে ১৫ বছর বয়সি কিশোরী মীমের গলায় টিউমার অপারেশনের পর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হওয়া ঘটনার পর প্রভাতী প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ও ম্যাজিস্ট্রেট নুজহাত তাবাসসুমের নেতৃত্বে অভিযানে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরী এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালটির প্যাথলজি বিভাগে নানা অনিয়ম, অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং রক্তের দাগ পাওয়া যায়। এ ছাড়া, ২০২৩-২৪ সালের পর হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এসব অনিয়ম ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ এবং আংশিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাবাসসুম বলেন, ‘হাসপাতালটিতে গুরুতর অনিয়ম পাওয়া গেছে। জনস্বার্থে প্যাথলজি বিভাগ সিলগালা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

এর আগে, গত ১৯ এপ্রিল প্রকাশিত এক সংবাদে অভিযোগ ওঠে, গলায় টিউমারের অপারেশন করতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মীম নামের ওই কিশোরীর মৃত্যু হয়।

পরিবারের দাবি, অপারেশনের সময় গলার একটি গুরুত্বপূর্ণ রক্তনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘একজন রোগীর মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশের পরই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২৫ সালেও প্রভাতী প্রাইভেট হাসপাতালটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাময়িকভাবে সিলগালা করা হয়েছিল।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর