ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮ শিশু।
শনিবার (১৭ এপ্রিল) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মৃত্যু সন্দেহজনক হামে হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৬ শিশু এবং সন্দেহজনক হামে ৯৪২ জন শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৪০৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৩২৭৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৫২২ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৭৫১ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২১৫ শিশু। এরমধ্যে সন্দেহজনক হামে ১৭৮ জন এবং নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।