সিলেট: সিলেটে হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে একজন এবং বিকেল ৪টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুজ্জামান।
তিনি জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম ছাড়াও হার্ট ফেইলিউরসহ অন্যান্য জটিলতায় আক্রান্ত ছিল।
বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সি আব্দুল্লাহ নামের আরেক শিশুর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুর রহমান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।
এরমধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন ভর্তি রয়েছেন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে।