ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮১ শিশু।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া নয় শিশুর মধ্যে এক শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮১ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৭৬ শিশু এবং সন্দেহজনক হামে ১১০৫ জন শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ১২৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৮৯৭ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৯৩০৪ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১৯৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৬৪ জন এবং নিশ্চিত হামে ৩১ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।