Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোম্পানিগুলোকে ৬ মাসের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ বিএসইসি চেয়ারম্যানের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১২:৫৬

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

ঢাকা: প্রতিবেদন জমার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিন মাসের বদলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন জমা ছয় মাসের ভিত্তিতে করার কথা বলেছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

বৃহস্পতিবার ( ০২ জুলাই) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মাসুদ খান।

আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী কনডেন্সড রিপোর্টিংয়ের নিয়ম থাকলেও দেশে ফুল রিপোর্টিং করতে গিয়ে কোম্পানিগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হয়। নিজের অতীত করপোরেট অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাসুদ খান বলেছেন, তিন মাসের প্রতিবেদন জমার পর নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ১০ থেকে ৩০টি প্রশ্নের লাভ লেটার বা ব্যাখ্যামূলক চিঠি আসত। এ ভোগান্তি কমাতেই ছয় মাসের ব্যবস্থা চালু করা হবে।

বিজ্ঞাপন

বিএসইসি চেয়ারম্যান জানালেন, ব্যাংক থেকে সহজে ঋণ মেলায় কোম্পানিগুলো আইপিওতে আসতে আগ্রহী হয় না। এজন্য আইপিও প্রক্রিয়া আরও সহজ করা হবে। লিস্টিং ফি কমানোর পাশাপাশি আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে। এর ফলে বিএসইসির কোন টেবিলে ফাইলটি আছে, তা সহজেই জানা যাবে। আইপিও আবেদন সরাসরি ডিএসই ও সিএসইতে জমা দেওয়ার ব্যবস্থার পাশাপাশি ডিলিস্টিং রেগুলেশন ঢেলে সাজানো এবং বাজার পুরোপুরি অটোমেটেড করা হবে।

বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম ঢেলে সাজানোর কথা জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেছেন, ‘আমরা চাই পুঁজিবাজার ভাইব্র্যান্টলি গ্রো করুক, আমরা সবাইকে নিয়ে একত্রে কাজ করতে চাই।’

অনুষ্ঠানে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, দেড় দশকের মন্দা কাটিয়ে পুঁজিবাজার এখন ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত পর্যায়ে। বর্তমান কমিশনের সময়োপযোগী পদক্ষেপে গত তিন মাসে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে বিএসইসি কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর