Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট শুরু হচ্ছে ডিসেম্বরে

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৮:৫৬ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১৮:৫৭

ছবি: সারাবাংলা

‎ঢাকা: ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলতি বছরের ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’।

‎বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

‎সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে প্রথমবারের মতো এত বড় পরিসরে শুধুমাত্র আকর্ষণীয় ছাড়ের ওপর ভিত্তি করে এই মেলার আয়োজন করা হচ্ছে। ইভেন্টকমের উদ্যোগে এবং ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে দেশি-বিদেশি প্রায় ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলাটির জনসংযোগের দায়িত্ব পালন করছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

‎এ সময় এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন মেলার প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং উইমেন এম্পাওয়ারমেন্টের চিফ ফ্যাসিলিয়েটর জিন্নাত আরা বারী। তারা জানান, এই উৎসবে ক্রেতারা তাদের পছন্দের বিভিন্ন পণ্য ও সেবার ওপর সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি নির্বাচিত কিছু পণ্যে থাকছে আকর্ষনীয় ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ মূল্যছাড়ের সুযোগ। মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নামকরা ব্র্যান্ডগুলো অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

‎এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে দেশি ও বিদেশি নামকরা ব্র্যান্ডগুলোকে একক প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে ক্রেতারা একই ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যগুলো কিনতে পারেন। এটি যেমন স্থানীয় নতুন ও সম্ভাবনাময় ব্র্যান্ডগুলোকে পরিচিত করবে, তেমনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যে একটি সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখবে। মেলায় অংশ নিতে আগ্রহী ব্র্যান্ডগুলোর জন্য আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। এই আয়োজন দেশের খুচরা বাজার এবং ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও বেশি গতিশীল করবে বলে আশা করছেন আয়োজকরা।

‎সেই সঙ্গে এই উৎসবের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য বড় একটি সুযোগ তৈরি হবে। যেসব নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য তৈরি করেও সঠিক ক্রেতা বা বড় বাজারে পৌঁছাতে পারছেন না, তারা এখানে সরাসরি হাজারো সাধারণ ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর ও গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে তুলে ধরার বড় সুযোগ পাবেন।

‎সংবাদ সম্মলেনে আরও জানানো হয়, প্রতিবছরই এই ‘ডিসকাউন্ট ফেস্ট’ আয়োজন করার। ঢাকার এই প্রথম আয়োজনটি সফল হওয়ার পর দেশের অন্য প্রধান বিভাগীয় শহরগুলোতেও এটি ছড়িয়ে দেওয়া হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে এবং ৯-১১ সেপ্টেম্বর খুলনায় এই মেলা অনুষ্ঠিত হবে। এমনকি ভবিষ্যতে দেশের বাইরেও এই উৎসবটি আয়োজনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে