Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিজিটাল প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৮:২৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:২৮

ঢাকা: অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের সচেতনতা বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতারণা প্রতিরোধে নিয়মিত প্রচারণা চালানো, গ্রাহকদের সতর্কবার্তা দেওয়া এবং সন্দেহজনক আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে বলা হয়েছে ব্যাংকগু‌লো‌কে।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে অনলাইন প্রতারণার ঘটনাও বাড়ছে। একই সঙ্গে গ্রাহক সেবা ও অভিযোগ নিষ্পত্তি বিধিমালা, ২০২১ অনুযায়ী গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করাও ব্যাংকগুলোর দায়িত্ব। এ কারণে প্রতারণা প্রতিরোধে গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের জানাতে হবে যে, কোনো অবস্থাতেই ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের পিন, পাসওয়ার্ড, ওটিপি বা কার্ডের গোপন তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। পাশাপাশি ফোন, এসএমএস, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত সন্দেহজনক লিংকে প্রবেশ কিংবা অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিতে হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অন্যান্য সরকারি সংস্থার পরিচয়ে প্রতারণার বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে বলা হয়েছে। কোনো প্রলোভনমূলক অফার, পুরস্কার বা লটারির নামে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে তা এড়িয়ে চলার পরামর্শও দিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, গ্রাহকরা যেন প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অভিযোগ নিষ্পত্তি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, সে বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় গ্রাহকের নিরাপত্তা জোরদার এবং অনলাইন আর্থিক প্রতারণা কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর