Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দফা দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থানের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৪:৪৪

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক

ঢাকা: ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি আদায়ে আগামীকাল সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ সময় তারা জানান, এটি হবে এ পর্যন্ত তাদের সবচেয়ে বড় জমায়েত। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিও দেওয়া হবে।

রোববার (২১ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

হারানো আস্থা ও সুনাম পুনরুদ্ধারের লক্ষ্যে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন ব্যাংকটির গ্রাহক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকটির পরিচালনা কাঠামো নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সমাবেশ শেষে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক বলেন, ‘ব্যাংকটির সংকট নিরসনে দক্ষ, সৎ ও ইসলামী অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে অবিলম্বে একটি পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।’ তিনি অভিযোগ করেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অযথা বিলম্ব করছে।

নুর-উন-নবি মানিক আরও বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত এবং ব্যাংকিং খাতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বোর্ড পুনর্গঠন করা হলে ইসলামী ব্যাংক আবারও দেশের আর্থিক খাতে নেতৃত্বের অবস্থানে ফিরে যেতে পারবে।’

গ্রাহক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রাহক আস্থা পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

সারাবাংলা/এসএ/এমএম