ঢাকা: চট্টগ্রাম হালিশহরে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেল চেইন ব্র্যান্ড এমআর.ডিআইওয়াই (MR.DIY) উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
রোববার (১৪ জুন) বাংলাদেশে তাদের ১৬তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা হালিশহরে, যা চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখা এবং দেশজুড়ে তাদের খুচরা ব্যবসা সম্প্রসারণের একটি বড় মাইলফলক।
উদ্বোধনী অনুষ্ঠানে এমআর.ডিআইওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী বলেন, হালিশহরের মতো একটি সম্ভাবনাময় ও গতিশীল এলাকায় আমাদের নতুন আউটলেট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বাজারে আমাদের ধারাবাহিক সম্প্রসারণের মূল উদ্দেশ্য ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন এমআর.ডিআইওয়াই বাংলাদেশের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগামী ১১ থেকে ১৩ জুন পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ উপহার ও আকর্ষণীয় ক্যাম্পেইনের ব্যবস্থা রাখা হয়েছে।
২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা এমআর.ডিআইওয়াই গ্রুপ বর্তমানে বিশ্বজুড়ে ৫৫০০-এর বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্যতম প্রধান বাজারসমূহ- যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন এবং দক্ষিণ আফ্রিকায় ব্র্যান্ডটি সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি স্টোর চালুর মাধ্যমে এমআর.ডিআইওয়াই-এর যাত্রা শুরু।