Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার আহ্বান নতুন প্রশাসকের

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৯:৪১ | আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:১৮

ইসলামী ব্যাংকের নতুন প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বোর্ডের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রশাসক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকটির প্রতি আস্থা রাখার অনুরোধ করেছেন।

সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘আমি আপাতত এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন, যাতে ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। একই সঙ্গে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের কাজ চলছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে, যারা দক্ষতার সঙ্গে ব্যাংক পরিচালনা করতে পারবেন। আশা করছি, খুব শিগগিরই একটি সুন্দর ও নিরপেক্ষ বোর্ড পাওয়া যাবে।’

আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘পেছনে তাকানোর সুযোগ নেই। নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যান। ব্যাংকের প্রতি আস্থা রাখুন।’

এ সময় ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন বলেন, ‘আতঙ্কে যারা টাকা তুলে নিয়েছেন, তাদের অনেকেই আবার ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনবেন বলে আশা করা হচ্ছে।’ দেশের একটি বড় শাখার তথ্যানুযায়ী, আগের তুলনায় হিসাব বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে, যা গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন তিনি।

সাবেক চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ির বিষয়ে আলতাফ হোসেন বলেন, ‘ব্যাংকের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান একটি গাড়ি ব্যবহার করেন। অপসারণের চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গেই গাড়িটি ফেরত নেওয়া হবে।’

সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহালের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘তিনি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। ফলে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগ নেই।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর