ঢাকা: আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তার প্রশ্নে তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধির প্রস্তাব করেছিলেন।
তিনি জানতে চেয়েছিলেন, বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বাড়িয়ে তাতে অতিরিক্ত সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপ করা হবে কি না।
এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিড়ির ক্ষেত্রে মূল্য এবং করহার পূর্বের বছরের ন্যায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।