Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিন ব্যাংক বন্ধ

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৬:৩৬

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে শিল্পঘন এলাকায় কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলা‌দেশ ব্যাংকের জা‌রি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলার বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্বাচিত শাখা ২৫ ও ২৬ মে সীমিত আকারে চালু থাকবে।

এসব শাখায় অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

সার্কুলারে আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন না।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর