Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে মোতাওয়াল্লী সমিতির বৈঠক

সারাবাংলা ডেস্ক
১৮ মে ২০২৬ ১৬:০৪

সারা দেশের ওয়াকফ এস্টেটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে সরকারের সহযোগিতা এবং মোতাওয়াল্লিদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানীর মগবাজারে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে ওয়াক্ফ প্রশাসক (সচিব) সাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে মোতাওয়াল্লি সমিতির উদ্যোগে এক বৈঠকে এ বিষয়ে জোর দেওয়া হয়।

এ সময় মোতাওয়াল্লি সমিতির সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, সমিতির মহাসচিব অধ্যক্ষ ড. আলমগীর কবীর পাটোয়ারী, সহসভাপতি ইয়ার মোহাম্মদ বেলাল, বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ দেশের বিভিন্ন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা বৈঠকে ওয়াকফ এস্টেট পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ মোতাওয়াল্লিদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। এরপরও এ বিষয়ে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘন হলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে।

সভাপতি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ওয়াকফ সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই, ফলে নানা ধরনের বিশৃঙ্খলা ও বিবাদ তৈরি হয়।

তিনি বলেন, আইনে আছে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীরা ছাড়া কেউ মোতাওয়াল্লির বিরুদ্ধে কোনো অভিযোগ বা প্রশ্ন তুললে সেটি গ্রহণযোগ্য হবে না। কিন্তু আইন লঙ্ঘন করে অনেক জায়গায় বহিরাগতরা ব্যক্তিস্বার্থে ওয়াকফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এমনকি মামলা মোকাদ্দমাও করছে। ফলে ওয়াক্ফ এস্টেট পরিচালনায় সমস্যার মুখোমুখি হচ্ছেন মোতাওয়াল্লিরা এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়।

তিনি অবিলম্বে বহিরাগতদের এসব কর্মকাণ্ড ও অনিয়ম বন্ধ করতে আইন মোতাবেক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।