Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রফতানি খাতের ৩১০০ কোটি টাকার ক্যাশ ইনসেনটিভ পরিশোধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১২:৩৪

ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে জমা হওয়া রফতানি খাতের সব ক্যাশ, ইনসেনটিভ বা নগদ সহায়তার আবেদন সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। এ বাবদ মোট প্রায় ৩১০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

শনিবার (১৬ মে) রা‌তে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, পরিশোধিত অর্থের মধ্যে সবচেয়ে বেশি গেছে তৈরি পোশাক খাতে। খাতটিতে ২৯০০ কোটি টাকার বেশি নগদ সহায়তা দেওয়া হয়েছে। অবশিষ্ট অর্থ পাট ও পাটজাত পণ্য রফতানি খাতের উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ রফতানি খাতগুলোকে সচল রাখা এবং রফতানিকারকদের তারল্য সংকট কমাতে এ অর্থ ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে, তৈরি পোশাক খাত দেশের মোট রফতানি আয়ের বড় অংশ জোগান দেওয়ায় এ খাতের আবেদন দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, নগদ সহায়তার অর্থ সময়মতো পরিশোধ হওয়ায় রফতানিকারকদের কার্যক্রম পরিচালনা, কাঁচামাল আমদানি এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতেও এটি সহায়ক হবে বলে মনে করছেন তারা।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও রফতানি বাজারের অনিশ্চয়তার মধ্যে নগদ সহায়তা দ্রুত পরিশোধ রফতানি খাতের জন্য ইতিবাচক বার্তা। তবে দীর্ঘমেয়াদে রফতানি সক্ষমতা বাড়াতে উৎপাদন দক্ষতা, বাজার বহুমুখীকরণ এবং ব্যবসা ব্যয় কমানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সারাবাংলা/এসএ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর