Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে ১৫ মডেলের ফ্রিজ উন্মোচন করল ওয়ালটন

সারাবাংলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬ ২২:২৩

ঢাকা: দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাইলফলক স্থাপন করল ওয়ালটন। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ ও ফ্রিজার উন্মোচন করেছে দেশের শীর্ষ রেফ্রিজারেটর ব্র্যান্ডটি।

আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন নকশা এবং স্মার্ট লাইফস্টাইলের সমন্বয়ে সাজানো হয়েছে নতুন এই লাইনআপ।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ‘ওয়ালটন মেগা লঞ্চ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক, আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী, চিফ মার্কেটিং অফিসার জোবায়ের আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এছাড়া এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররা ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে সিবিও মো. তাহসিনুল হক জানান, ইতোমধ্যে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে ১০০টিরও বেশি দেশে ব্র্যান্ড সম্প্রসারণের লক্ষ্যে এই নতুন লাইনআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন উন্মোচিত ফ্রিজগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়াম সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ-মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজার।

লাইনআপের অন্যতম আকর্ষণ ৬২৯ লিটারের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, যাতে রয়েছে ৩২ ইঞ্চি ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লে। এই ফ্রিজে ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব দেখা, অনলাইন শপিংসহ নানা স্মার্ট সুবিধা ব্যবহার করা যাবে। এছাড়া এতে যুক্ত হয়েছে এআই ডক্টর, টার্বো কুলিং এবং এইট-ইন-ওয়ান কনভার্টিবল মোড।

এছাড়া ৬১৯ লিটারের নতুন ডিজাইনের সাইড-বাই-সাইড ফ্রিজে রয়েছে ওয়াটার ডিসপেনসার, অ্যাকুয়া ফাউন্টেন, ডুয়াল কন্ট্রোল ও সুপার ফ্রিজিং প্রযুক্তি। নন-ফ্রস্ট সেগমেন্টে ৫১৫ লিটারের মডেলে থাকছে রিয়েল-টাইম টেম্পারেচার নিয়ন্ত্রণ, ইকো মোড এবং দ্রুত কুলিং সুবিধা।

বিশ্বব্যাপী টেকসই প্রযুক্তির দিকে নজর রেখে উন্মোচন করা হয়েছে ২৫৫ লিটারের সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, যা ১৬০ ঘণ্টা পর্যন্ত কুলিং ধরে রাখতে সক্ষম।

আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় যুক্তরাষ্ট্রের জন্য মিনিবার ফ্রিজ এবং নেপাল ও ভারতের জন্য সিঙ্গেল-ডোর রেফ্রিজারেটরও যুক্ত করা হয়েছে এই লাইনআপে। পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারের জন্য আনা হয়েছে বড় আকারের বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজার।

ওয়ালটন জানায়, দেশের বাজারে নতুন এসব ফ্রিজের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪৯০ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

স্মার্ট প্রযুক্তি ও বৈশ্বিক বাজার সম্প্রসারণের সমন্বয়ে এই মেগা লঞ্চের মাধ্যমে ফ্রিজিং সল্যুশনে নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর