ঢাকা: আগামী অর্থবছরের বাজেটে সোলার প্যানেল আমদানিতে সব ধরনের শুল্ক তুলে নেওয়ার পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি সোলার ব্যাটারি আমদানির ওপর শুল্ক-কর সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার নীতিগতভাবে গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই সোলার প্যানেল আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে আমদানি সহজ হয় এবং দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিস্তার ঘটে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, সোলার ব্যাটারি আমদানির ক্ষেত্রেও কর-সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়বে এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকল্প উৎস হিসেবে সোলার ব্যবস্থার ব্যবহার আরও জনপ্রিয় হবে। পাশাপাশি গ্রাহক পর্যায়েও সোলার সিস্টেম স্থাপন সহজ ও সাশ্রয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।