ঢাকা: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে চীনে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। ২২ সদস্যের এ দলটি আজ বুধবার (১৫ এপ্রিল) চীনের গুয়াংজু শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ডিসিসিআই এ তথ্য জানায়।
ডিসিসিআই সূত্র জানায়, সফরের মূল লক্ষ্য বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করা। একই সঙ্গে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী। দলে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, সিরামিক, তথ্যপ্রযুক্তি, অটোমোটিভ, শিল্পকারখানার তেল ও গ্রিজ, শিপিং ও লজিস্টিকস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং তৈরি পোশাক খাতের রপ্তানিকারক ও আমদানিকারকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন শীর্ষ বাণিজ্য সংগঠনের সঙ্গে একাধিক বিজনেস ফোরাম ও বি-টু-বি বৈঠকে অংশ নেবে। এসবের মধ্যে রয়েছে চীন কাউন্সিল ফর টি প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) গুয়াংজু, গুয়াংজু নানশা শাখা, গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টারস অ্যান্ড এক্সপোর্টারস এবং চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস।
এছাড়া সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিনিধি দলটি বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। সেখানে তারা ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং সেশন এবং সরেজমিনে ব্যবসায়িক সম্ভাবনা যাচাই কার্যক্রমে যুক্ত থাকবে। পাশাপাশি গুয়াংজু সোর্সিং ফেয়ারেও অংশ নেবে দলটি।
ডিসিসিআই মনে করছে, এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক সাপ্লাই চেইনে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।