Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৩:৩৬

ঢাকা: রাজধানীর জিয়া সরণি খালকে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকার বিভিন্ন খাল— জিয়া সরণি, কোনাপাড়া ও কুতুবখালী পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, খালটির নাম জিয়া সরণি হওয়ায় পূর্ববর্তী সরকার এর উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বর্তমানে সিটি করপোরেশনের অর্থায়নে খালটি দখলমুক্ত ও পুনর্বাসনের কাজ চলছে।

তিনি আরও বলেন, রাজধানীর সব খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মীর শাহে আলম জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি এরইমধ্যে শুরু হয়েছে। গত ১৬ মার্চ তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে একযোগে ৫৪টি খালের কাজ উদ্বোধন করেন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম ধাপে ৫৪টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা।

সারাবাংলা/এসএ/ইআ