টাঙ্গাইল: টাঙ্গাইলে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সোনালু, জারুল ও নিমের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনসহ বন বিভাগ ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ ৫ শতাধিক চারা রোপণ করা হয়েছে।
বক্তারা বলেন, সড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব গাছ ভবিষ্যতে পথচারী ও যাত্রীদের জন্য ছায়া প্রদান করবে এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।