Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৭:২৬

সংবাদ সম্মেলনে কথা বলছেন লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

রাজশাহী: দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় রাজশাহী রেলস্টেশনের ভেতরে যমুনা অয়েল কোম্পানির রেলহেড ডিপোর সামনে প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজশাহী জেলার সীমান্ত এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আজ থেকে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট পরিচালনা শুরু হয়েছে। এমনকি সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে, ভারতে বাংলাদেশের চাইতে জ্বালানি তেলের মূল্য বেশি হওয়ায় একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুতের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে আসছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে কেউ যাতে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করতে না পারে এবং সীমান্ত দিয়ে যাতে কেউ তা পাচার করতে না পারে, সেজন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধ মজুতদারি কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরও জানান, রাজশাহী জেলার ৬৪টি পেট্রোল পাম্পের ওপর তারা নজরদারি রাখছেন, যার মধ্যে ১২টি সীমান্ত এলাকায় অবস্থিত। পাচার ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি এখন পর্যন্ত ১৯২টি বিশেষ অভিযান পরিচালনা করেছে। এছাড়াও ২৮৮টি চেকপোস্ট স্থাপন করে দুই হাজার ৫০০-এর বেশি যানবাহন তল্লাশি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ পাচার সংঘটিত হতে না পারে।

এ ছাড়া, রাজশাহীর স্থানীয় প্রশাসনকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিজিবি সবধরনের সহযোগিতা করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর