পাবনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, দেশের মানুষ যদি নিজেদের শেকড় ভুলে যায়, তাহলে ‘৫ আগস্ট’ বারবার ফিরে আসবে। তিনি বলেন, যারা শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতেই এমন দিন ফিরে আসে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মণ্ডলপাড়া এলাকায় পদ্মকোল খালের চার কিলোমিটার খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে সেই দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হবে। তা নাহলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘জনগণের কল্যাণের লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া কৃষিঋণের ১০ হাজার টাকা মওকুফের প্রস্তাবও মানুষের উন্নয়নের প্রতি সরকারের সদিচ্ছার প্রকাশ।’
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা–৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার উপস্থিত ছিলেন।