Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের লভ্যাংশ ঘোষণার ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৭:১৯

ঢাকা: দেশের তফসিলি ব্যাংকগুলোকে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার সাত দিনের মধ্যে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৫ মার্চ) সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট (এসপিসিডি) থেকে জারি করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়, ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয় বিবেচনায় নিয়ে আগে থেকেই শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণের একটি নীতিমালা কার্যকর রয়েছে। এ বিষয়ে ১৩ মার্চ ২০২৫ তারিখে জারি করা ডিওএস সার্কুলার নম্বর-০১ এর নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেই সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক লভ্যাংশ ঘোষণা করলে ঘোষণার সাত দিনের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী একটি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন এ জমা দেওয়ার কথা ছিল।

তবে ব্যাংকিং তদারকি কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তদারকি সংশ্লিষ্ট বিভাগগুলো পুনর্গঠন করেছে। এ বিষয়ে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এসপিসিডি সার্কুলার নম্বর-০৩ এর মাধ্যমে ব্যাংকগুলোকে অবহিত করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক লভ্যাংশ ঘোষণা করলে ঘোষণার সাত দিনের মধ্যে সংযোজনী-ক এ উল্লেখিত ছক অনুযায়ী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা সিইওর সই করা একটি প্রতিবেদন সংশ্লিষ্ট ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট এবং সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এ জমা দিতে হবে।
এ ছাড়া ১৩ মার্চ ২০২৫ তারিখে জারি করা ডিওএস সার্কুলার নম্বর-০১ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর