হিলি (দিনাজপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জেলার নবাবগঞ্জে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে দেশের ৫০-৮০ লক্ষ পরিবারকে এই কার্ড বিতরণ করা হবে এবং পরবর্তীতে মোট সাড়ে চার কোটি পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
এ সময় মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘ফ্যামিলি কার্ড সংগ্রহের জন্য কোনো টাকা দিতে হবে না। সরকারি কর্মকর্তারা উপকারভোগীদের বাড়িতে গিয়ে কার্ড হস্তান্তর করবেন, ফলে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার সাধারণ মানুষেরা।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রোগ্রামটি আজ দেশের ১৩টি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বস্তিতেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেছেন।
এদিকে, এই উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে নতুন আশা সঞ্চারিত হয়েছে বলে মনে করছেন অনেকে।