Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধনে নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৭:২০

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

হিলি (দিনাজপুর): ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে নিজ নির্বাচনি এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আসছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে চারটায় উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের ৬ নম্বর বেলডাঙ্গা ওয়ার্ডে দরিদ্র পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল ও ভাসানটেক বস্তিতে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সুবিধাজনক সময়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের বেলডাঙ্গা ওয়ার্ডে ৬০০-এর বেশি হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।

নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী দরিদ্র পরিবারের তথ্য যাচাই-বাছাই করে প্রতিটি পরিবার থেকে একজন করে নারীকে এ কর্মসূচির জন্য নির্বাচিত করা হয়েছে।’

তিনি জানান, ফ্যামিলি কার্ড নীতিমালা অনুযায়ী ছয় ধরনের পরিবার এ সুবিধার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে—পরিবারে কেউ সরকারি পেনশনভোগী হলে, বাসায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) থাকলে, ব্যক্তিগত গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে, বাণিজ্যিক লাইসেন্সধারী হলে এবং বড় পরিসরের ব্যবসার মালিক হলে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘নির্বাচিত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। সুবিধাভোগীদের নিজস্ব মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ প্রদান করা হবে। উদ্বোধন উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।’

মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘আজ ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকাকে এ কর্মসূচির আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর