ঢাকা: ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক শূন্য ২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি গতবছরের একই মাসের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে মোট রেমিট্যান্স এসেছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই অং ক ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরওয়ারি তুলনায় রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক ধারা বজায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা সুবিধা, হুন্ডি নিরুৎসাহিত করতে নজরদারি বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ওপর আস্থা বৃদ্ধির ফলে আনুষ্ঠানিক পথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে নতুন কর্মসংস্থানের সুযোগও রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমদানি ব্যয় মেটানো, ডলারের বাজারে চাপ কমানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অর্থনীতিবিদদের মতে, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকলে বৈদেশিক লেনদেন ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্টস) ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। সামগ্রিকভাবে ফেব্রুয়ারির রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।