Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের প্রথম ‘নম্বরলেস’ ডেবিট কার্ড চালু

স্টাফ করেসপন্ডেট
১ মার্চ ২০২৬ ১৬:১৬

ঢাকা: ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’র মাধ্যমে বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে প্রাইম ব্যাংক। বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সহযোগিতায় চালু হওয়া এই কার্ড ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও জোরদার করবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘প্রাইম নাও’ মাস্টারকার্ড ডেবিট কার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রিত থাকে না। ফলে কার্ডের তথ্য কপি করা, স্কিমিং বা সরাসরি দেখে তথ্য সংগ্রহের ঝুঁকি কার্যত থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিং ও প্রচলিত জালিয়াতির আশঙ্কাও উল্লেখযোগ্যভাবে কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, দেশে পেমেন্ট নিরাপত্তায় এটি একটি নতুন মাইলফলক।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্ডের সব তথ্য নিরাপদে সংরক্ষিত থাকে ‘প্রাইম নাও’ অ্যাপে। অ্যাপটিতে রয়েছে বহুস্তরীয় অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা। ফলে গ্রাহকরা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় কার্ড তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন।

নতুন এই ডেবিট কার্ডে আরও রয়েছে—নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন,ব্যয়ের সীমা নির্ধারণের সুবিধা, অ্যাক্সেস ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ,ডিজিটাল রিইস্যু অপশন।

এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য দৃশ্যমান না থাকায় অননুমোদিতভাবে ব্যবহার করা সম্ভব নয় বলে দাবি করা হয়েছে।

এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর বিভিন্ন অফার ও সুবিধা উপভোগ করা যাবে বলে জানানো হয়েছে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চোধুরী বলেন, প্রাইম ব্যাংকের ৩০ বছরের পথচলা আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে। নম্বরলেস কার্ড চালুর মাধ্যমে তারা প্রচলিত ধারার বাইরে এসে উদ্ভাবনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বর্তমান সময়ে গ্রাহকরা আরও বেশি গোপনীয়তা ও সহজ নিয়ন্ত্রণ চান। নম্বরলেস প্রযুক্তি লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। এই নতুন প্রজন্মের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে তারা আনন্দিত।

ডিজিটাল ব্যাংকিং সেবায় গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর