Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন জবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন

জবি করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১০:৫৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১২:৫৪

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ডিন কার্যালয় ত্যাগ করতে হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় তারা ড. আইনুল ইসলামের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পরিস্থিতি বিবেচনায় ড. আইনুল ইসলাম ডিন কার্যালয় ত্যাগ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ড. আইনুল ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরে আন্দোলনকারীরা দাবি করেন, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। তারা তার নিয়োগ বাতিলেরও দাবি জানান।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত জুলাই যোদ্ধা ও বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “ড. আইনুল ইসলামের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান এবং ৩ আগস্ট গণভবনের বৈঠকে অংশগ্রহণের স্পষ্ট প্রমাণ রয়েছে। এসব বিষয়ে তার কাছে জবাব চাইলে তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি। আমরা মনে করি, জুলাইয়ের চেতনার বিপরীতে অবস্থান নেওয়া কোনো ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার নেই। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তিনি ডিন অফিস ত্যাগ করেন।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “আজ ১৬ জুলাই, জুলাই শহিদ দিবস। জুলাই যোদ্ধারা ড. আইনুল ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ ও তথ্য-উপাত্ত উপস্থাপন করে আন্দোলন করেছে। শিক্ষার্থীদের দাবির মুখে তিনি ডিন অফিস ত্যাগ করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।”

অভিযোগের বিষয়ে ড. মো. আইনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা কিছু অভিযোগ তুলে আমার কাছে প্রতিবাদ জানায়। আমি পরিস্থিতি বিবেচনায় সসম্মানে অফিস ত্যাগ করি। ডিন হিসেবে আমার নিয়োগ সম্পূর্ণ আইনগতভাবে হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকগুলোই পুরোনো ও উদ্দেশ্যপ্রণোদিত। গণভবনের বৈঠকে আমি তৎকালীন রেজিস্ট্রার হিসেবে প্রশাসনের নির্দেশে গিয়েছিলাম। অভিযোগগুলোর প্রকৃত সত্য খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর