Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১১:০১ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১১:৫৫

ঢাকা: অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে একযোগে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

দ্বিতীয় শিফটে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট ৭৭টি বিষয়ে ২১ দিন ধরে এই পরীক্ষা চলবে। তবে পরীক্ষা না থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান সচল থাকবে। যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৯৩ জন এবং বরিশাল বোর্ডে সবচেয়ে কম ৫৮ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের শরীরে ‘বডি অন ক্যামেরা’ থাকবে। প্রশ্নপত্র ফাঁসরোধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ভুয়া প্রশ্ন ছড়ালে সংশোধিত পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পাশাপাশি যেকোনো অনিয়মের জন্য কেন্দ্র সচিবকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। এছাড়া কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনাও রয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এবারই পরীক্ষায় প্রথমবারের মতো পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু হয়েছে। সিসিটিভি নজরদারির পাশাপাশি এবার পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ ও রেকর্ড রাখতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এরইমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর