জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই উপ-উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।
শনিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বর্তমান দুই উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম। অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।
নিয়োগের শর্তে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তাঁরা নিজ নিজ পদে বহাল থাকবেন। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “এত বড় দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের কল্যাণ এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”
উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, “প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে দ্রুততা, স্বচ্ছতা ও গতিশীলতা আনাই আমার লক্ষ্য।”
পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিয়োগপ্রাপ্ত দুই উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) পদ থেকে ড. এম মাহফুজুর রহমানকে অব্যাহতি দিয়ে তাঁকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে নিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
এ ছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) পদ থেকে ড. সোহেল আহমেদকে অব্যাহতি দিয়ে তাকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে নিজ বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।