Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেন্টাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৮ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ০৯:০৮

ছবি: সংগৃহীত।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী ক্লাস আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের ৩৪টি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে তিন দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জুন সকাল ৯টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি ডেন্টাল কলেজ ও ইউনিট নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক কর্মসূচি পরিচালনা করবে।

প্রথম দিন: ওরিয়েন্টেশনের প্রথম দিনে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণের আহ্বান জানানো হয়েছে। পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিতীয় দিন: ৯ জুন শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন বিভাগ, ল্যাবরেটরি, ক্লিনিক্যাল সুবিধা ও অ্যাকাডেমিক অবকাঠামো পরিদর্শনের সুযোগ পাবে। পাশাপাশি বিডিএস কোর্সের পাঠ্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা এবং ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

তৃতীয় দিন: ১০ জুন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এবং চিকিৎসা শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হবে। এসব সেশনে শিক্ষকরা পেশাগত নৈতিকতা, দায়িত্ববোধ, ব্যক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।