রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক শিক্ষার্থীদের মাঝে আম পৌঁছেন দিয়েছেন জিয়াউর রহমান হল সংসদ নেতৃবৃন্দ।
বুধবার (২০ মে) হলের সীমানার গাছগুলো থেকে আম সংগ্রহ করে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সমানভাবে বণ্টন করা হয়।
আম বণ্টনের বিষয়ে জিয়াউর রহমান হলের ভিপি মোজাম্মেল হক বলেন, ‘আমাদের হলের পাশে অনেকগুলো আমগাছ রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে হলের অধিকাংশ শিক্ষার্থীই সেই গাছগুলোর আম খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই জিয়া হল সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমগুলো খাওয়ার উপযোগী হলেই সেগুলো পেড়ে সকল শিক্ষার্থীর মাঝে সমানভাবে বণ্টন করা হবে। আমরা সেটা করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘এটি কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের নৈতিক দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের জায়গা থেকেই করা একটি ছোট উদ্যোগ।’
হলের আবাসিক শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, ‘এর আগে দেখা যেত হলের আম যে যার মতো পেড়ে খেয়ে ফেলছে। কিন্তু এবার হল সংসদের নেতারা যে উদ্যোগটা নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। আম খেতে পারার চেয়ে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, তা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এমন পরিকল্পিত উদ্যোগ-এর পরেও যাতে অব্যাহত রাখা হয় হল সংসদ এবং প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে।’

হল প্রভোস্ট ড. মো. মাহবুবার রহমান বলেন, ‘এটি অবশ্যই প্রশংসনীয় কাজ। হল সংসদের প্রতিনিধিরা আমাকে বলেছিল আমগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে প্রত্যেক ছাত্রের মাঝে বিতরণ করতে পারবো। বিশ্ববিদ্যালয় বন্ধ না হয়ে গেলে আমগুলো আরেকটু পরিপক্ব অবস্থায় শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে পারতাম। আমগুলো খুব ভালোভাবে মেইনটেইন করে প্রত্যেক ছাত্রের কাছে পৌঁছাতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘এর আগে জনবল সংকটের কারণে ছাত্রদের মাঝে আম পৌঁছে দেওয়া সম্ভব হতো না। আমরা চেষ্টা করবো পরবর্তীতেও আমগুলো সঠিকভাবে মেইনটেইন করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে।’
উল্লেখ্য, এর আগে বিজয় ২৪ এবং মতিহার হল সংসদের নেতাদের উদ্যোগে প্রত্যেক আবাসিক শিক্ষার্থীদের মাঝে সমানভাবে লিচু বণ্টন করা হয়।