Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

জবি করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৭:৪৮

জবি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।

রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি ২ হাজার ৮৭২ জন নবীন শিক্ষার্থীকে স্বাগত জানান।

উপাচার্য বলেন, ২১তম ব্যাচের আগমনে জবি পরিবার আরও সমৃদ্ধ হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। র‍্যাগিংসহ যেকোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে সাম্প্রতিক সময়ে সিনিয়রদের প্রতি অসম্মান প্রদর্শনের প্রবণতা পরিহার করতে হবে। শিক্ষার্থীদের দায়িত্বশীল ও শালীন আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ‘টিম জগন্নাথ’ হিসেবে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করারও আহ্বান জানান।

এবারই প্রথমবারের মতো ওরিয়েন্টেশনের প্রথম দিনেই নবীন শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘শিক্ষার্থী সহায়িকা’ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন। তিনি নবীনদের উদ্দেশে বলেন, প্রতিটি চ্যালেঞ্জ ইতিবাচকভাবে গ্রহণ করে এগিয়ে যেতে হবে এবং নিজ নিজ বিভাগের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব ওরিয়েন্টেশন অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।