ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের লাবিদ হাসান ইফতি।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ৪২৮ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হল ডিবেটিং সোসাইটির নির্ধারিত ভোটারদের প্রত্যক্ষ ভোটে মডারেটর ও উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে এ নির্বাচনের আয়োজন করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. কামারুজ্জামান।
নবনির্বাচিত সভাপতি ইয়াসিন আলী বলেন, ‘আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র সকল বড় ভাই, বোন ও বিতার্কিকদেরকে, যারা আমাকে সভাপতি হিসেবে যোগ্য মনে করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, এই সংগঠনকে একটি গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরিত করা হবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও চিন্তার বিকাশের সুযোগ পাবে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ডিবেটিং সোসাইটিতে নতুন গতি আনাই আমার অগ্রাধিকার। নিয়মিত কার্যক্রম, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি সক্রিয় ও প্রাণবন্ত বিতর্ক পরিবেশ নিশ্চিত করব। এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’