ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘গ্রীন ফোরাম’ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় নির্বাচন কমিশনার ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করবো। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করছি, যেন তিনি আমাদের দায়িত্ব পালনকে সহজ করে দেন এবং সঠিক পথে পরিচালিত করেন।