Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ‘মোরাল প্যারেন্টিং ফ্যামিলি’

জবি করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ০৮:৪৮

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় সাড়ে চার লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছেন ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ ‘মোরাল প্যারেন্টিং ফ্যামিলি’। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিচালিত হচ্ছে নানা স্কিল ডেভেলপমেন্ট কোর্স।

উদ্যোগটির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

‘মোরাল প্যারেন্টিং ফ্যামিলি’র কাঠামোতে ‘মোরাল প্যারেন্ট’, ‘মোরাল চাইল্ড’ ও ‘ক্যাম্পাস গার্ডিয়ান’—এই তিনটি স্তরের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। মোরাল প্যারেন্টরা শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেন, আর ক্যাম্পাস গার্ডিয়ানরা স্থানীয়ভাবে তাদের অগ্রগতি তদারকি করেন।

প্রতি দুই মাস পরপর বৃত্তি উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের মোরাল প্যারেন্টদের উদ্দেশ্যে হাতে লেখা চিঠি প্রদান করে, যা পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করে তোলে।

উদ্যোগটির ওয়েবসাইট অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ১,৫৫৮ জন মোরাল চাইল্ড, ৫৯৬ জন মোরাল প্যারেন্ট এবং ৯৬ জন ক্যাম্পাস গার্ডিয়ান যুক্ত রয়েছেন।

শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য এখানে বেসিক কম্পিউটার, এমএস অফিস, পাইথন প্রোগ্রামিং, আইইএলটিএস, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, জাপানিজ ও চাইনিজ ভাষাসহ বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে। এসব কোর্সে অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া ভলান্টিয়ার কার্যক্রম, স্বাবলম্বী প্রকল্প, ১০০ বই পড়ার উৎসব এবং ফ্রি চিকিৎসা সেবার মতো সামাজিক কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।

প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান জানান, এটি একটি নৈতিক অভিভাবকত্বভিত্তিক উদ্যোগ, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর