Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রি ও ফাস্টেস্ট ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি: রাবি উপাচার্য

রাবি করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৮:১৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাবি উপাচার্য।

রাবি: বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ও ফাস্টেস্ট ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান। এ প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোতে ফ্রি ও ফাস্টেস্ট ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন, রাবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এসময় উপাচার্য বলেন, ‘ইউজিসির চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ও ফাস্টেস্ট ইন্টারনেট সেবা দেওয়া হবে। এ জন্য দুই মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৬০ দিনের আগেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও ফাস্টেস্ট ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সেবাদানকারী দফতরগুলো পরিদর্শন করছি, যারা ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের সেবা দেয়। এসব দফতরের কার্যক্রম কেমন চলছে এবং ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা পূরণ হচ্ছে কি না—সেটি দেখাই আমাদের মূল বিষয়।

তিনি আরও জানান, আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা নিয়ে অসন্তোষ রয়েছে। তারা মানসম্মত ইন্টারনেট সেবা পাচ্ছে না। যেহেতু আইসিটি সেন্টার এ দায়িত্বে রয়েছে, তাই এখানকার প্রশাসনের কাছে জানতে চেয়েছি, কীভাবে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব।’

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা.ফরিদ উদ্দীন, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. ছাইফুল ইসলামসহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার(৩০মার্চ) ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেরে-ই-বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেন তিনি। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর