Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার রাকসুর

রাবি করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫

রাবি: ‘বিশ্ব হিজাব দিবস’ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)।

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাকসু ভবনের সামনে ‘হিজাব গর্বের সাথে পরিধান করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থীকে হিজাব উপহার দেওয়া হয়।

ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে নারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। আয়োজকেরা জানান, ‘হিজাব শুধু পোশাক নয়, এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত পরিচয়ের অংশ’—এই বার্তাকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।

বিজ্ঞাপন

হিজাব পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেঘনা রহমান বলেন, ‘বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার খুব ভালো লাগছে। হিজাবটা পাওয়ার পর অনূভুতিটা আসলেই অন্যরকম। হিজাব যে আমাদের অধিকার এটা আমরা কিছুদিন আগেও বলতে ভয় পেতাম। কিন্তু এখন এ হিজাবটা সম্পর্কে আমরা গর্বের সঙ্গে বলতে পারি। এই ধরনের আয়োজন নারীদের আরো উৎসাহিত করবে এবং অন্যান্য যারা হিজাব পরতে দ্বিধাবোধ করে, তাদেরকে অনুপ্রাণিত করবে। হিজাবটা আসলে নারীদের বাধা নয় বরং নারীদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে।’

ইতিহাস বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী লিমা ইয়াসমিন রাকসুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘হিজাব আমাদের মুসলিম নারীদের গর্ব। কিন্তু বর্তমানে হিজাব নিয়ে যে পরিমাণ কটুক্তি করা হয় তা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা স্বপ্ন দেখি সেদিনের যেদিন প্রতিটি মুসলিম নারীর এই হিজাবকে সম্মান দেওয়া হবে। রাকসু কর্তৃক এ আয়োজনকে সাধুবাদ জানাই এবং এই ধারা যেন অব্যাহত থাকে।’

হিজাব বিতরণ নিয়ে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, ‘আমরা আশা করছি, এই হিজাব বিতরণ কর্মসূচি হিজাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পাশাপাশি, এটি ক্যাম্পাসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতেও সহায়ক হবে বলে আমরা মনে করি।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান। তখন থেকে প্রতিবছর ১ ফেব্রুয়ারি হিজাবের প্রতি সম্মান জানাতে বিশ্বব্যাপী হিজাব দিবস পালন করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর